ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে পুলিশ। অস্ত্র দুটি কীভাবে সেখানে এলো এবং কারা ফেলে গেছে, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের প্যারিস রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করে ঈশ্বরদী থানা-পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কারা সেখানে রেখে গেছে কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে। পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারের পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

