বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর পরিচ্ছন্নতা, সড়ক ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার বাস্তব চিত্র দেখতে নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে রাস্তায় নামলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিস্তৃত এলাকা ব্যক্তিগতভাবে গাড়ি চালিয়ে ঘুরেন এবং নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পর পর কয়েকটি সড়ক ও এলাকার অবকাঠামোগত সমস্যা সরাসরি প্রত্যক্ষ করে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক প্রতিকারের নির্দেশ দেন।
বিকেলে গুলশানের বাসভবন থেকে নিজে গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী। ইসিবি চত্বর থেকে শুরু করে মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা ৩ থেকে ৬ নম্বর সেক্টর এবং এয়ারপোর্ট রোড হয়ে কাকলী মোড় পর্যন্ত যান তিনি।
পরবর্তীতে মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি ও শ্যামলী মোড় অতিক্রম করেন। ফিরতি পথে গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজী পাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ঢাকা ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব ও বনানী হয়ে সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে আসেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিশেষ তিনটি বিষয়ের ওপর জোর দেন, সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার সর্বশেষ স্থিতি। ফুটপাত ও সড়কদ্বীপে বৃক্ষরোপণ এবং সবুজায়ন কর্মসূচির বর্তমান অবস্থা।
বেশ কিছু এলাকায় আবর্জনা অপসারণে গাফিলতি ও ড্রেনেজের অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। কোনো ধরনের দীর্ঘসূত্রতা ছাড়াই এসব নাগরিক সমস্যা দ্রত সমাধানের কড়া নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্তদের।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন— মীর শাহে আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মো. শফিকুল ইসলাম খান মিল্টন, প্রশাসক, ঢাকা উত্তর সিটি করপোরেশন, মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, বিশেষ সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২

