জুলাই সনদ বাস্তবায়িত না হলে আবারও স্বৈরাচারের উত্থান হবে: এমপি আব্দুল আলীম

0
জুলাই সনদ বাস্তবায়িত না হলে আবারও স্বৈরাচারের উত্থান হবে: এমপি আব্দুল আলীম

 এস. এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জেও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি জনসমাগমে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য আব্দুল আলীম বলেন, “জুলাই সনদ বাস্তবায়িত না হলে আবারও স্বৈরাচারের উত্থান ঘটবে। জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের বাস্তবায়ন অত্যন্ত জরুরি।” বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এস এম কলেজের সামনে গিয়ে শেষ হয়। প্রবল বৃষ্টির মধ্যেও কয়েক হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসেন, মাস্টার মনিরুজ্জামান, অধ্যক্ষ আব্দুল আলীম, পৌর আমির মো. রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ নেতা অধ্যাপক আব্দুল মান্নানসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করা প্রয়োজন। কর্মসূচিতে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।