বাংলাদেশ প্রতিবেদকঃ দেশজুড়ে জেনুইন বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। একদিকে ছড়িয়ে পড়া নির্দেশনার বার্তা ও উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এই খবরের সত্যতা দাবি করা হচ্ছে, অন্যদিকে পুলিশ সদর দপ্তর আনুষ্ঠানিকভাবে একে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও গুজব’ বলে উড়িয়ে দিয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি অভ্যন্তরীণ বার্তা দেখা যায়, যেখানে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে দেশজুড়ে নৈশকালীন টহল, মোবাইল ডিউটি ও চেকপোস্টে সর্বোচ্চ নজরদারি ও নিজস্ব নিরাপত্তা বজায় রাখতে বলা হয়। সংবাদমাধ্যম প্রতিবেদনে উল্লেখ করা হয়, পুলিশের একটি অপ্রকাশিত উচ্চপর্যায়ের সূত্র নিশ্চিত করেছে যে গোয়েন্দা সংবাদের ভিত্তিতেই রাতের বেলা এমন সতর্কবার্তা পাঠানো হয়েছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট অনুযায়ী—দেশের সব রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছিল কেপিআই (গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা), বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করতে।
সর্বাত্মক ‘হাই অ্যালার্ট’ জারির এই তথ্যটি অস্বীকার করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে দেশজুড়ে এমন কোনো জরুরি ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়নি এবং খবরটি বিভ্রান্তিকর ও গুজব।
পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা সামাজিক মাধ্যমে যাচাই-বাছাই না করে যেকোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানান। সবাইকে কোনো গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করতে বিশেষভাবে আহ্বান জানিয়েছে সদর দপ্তর।

