ক্রীড়া ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে আনুগত্য ও রাজনৈতিক সমর্থন বজায় রাখায় অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাকিবের ক্যারিয়ারের সমস্ত রেকর্ড, কৃতিত্ব ও মাইলফলক ক্রিকেট ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলার জোর দাবি জানিয়েছেন তিনি।
সম্প্রতি শফিকুল আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই কঠোর অবস্থান ব্যক্ত করেন।
শফিকুল আলম লিখেছেন, বিসিবির উচিত ক্রিকেট রেকর্ডবুক থেকে সাকিবের নাম ও সমস্ত পরিসংখ্যান মুছে ফেলা। তার মতে, ইতিহাস থেকে সাকিবের অর্জন মুছে ফেললেও দেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না।
বর্ণবাদী শাসনব্যবস্থার কারণে অতীতে বিশ্ব ক্রিকেট থেকে নির্বাসিত হওয়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ব্যারি রিচার্ডস, গ্রায়েম পোলক, পিটার পোলক, মাইক প্রক্টর ও এডি বারলোর প্রসঙ্গ টেনে এনে নিজের এই দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করেন তিনি।
শেখ হাসিনার সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে সাকিবের অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রীকে এখনো ‘ক্যাপ্টেন’ হিসেবে সম্বোধন করে তাঁর নির্দেশ মেনে চলার প্রকাশ্যে ঘোষণা দেওয়াকেই সাকিবের এই আপত্তিকর অবস্থানের কারণ হিসেবে দেখছেন তিনি। প্রেস সচিব মনে করেন, এসব কর্মকাণ্ডের পর সাকিবকে দেশের ক্রিকেটে সম্মানজনক কোনো জায়গায় রাখার সুযোগ নেই।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি দেশে ফিরে আইনি লড়াই লড়তে এবং জাতীয় দলের হয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলে অবসর নিতে চান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাফ জানিয়ে দিয়েছেন যে, একজন স্বৈরাচারের পক্ষে অবস্থান নেওয়ার পর সাকিবের আর সাধারণ প্রক্রিয়ায় জাতীয় দলে ফেরার বা আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার কোনো সুযোগ অবশিষ্ট নেই।

