পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে এক বাংলাদেশি বৃদ্ধ আটক হওয়ার জের ধরে এক ভারতীয় নাগরিককে আটকে রেখেছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়লে ওই ভারতীয়কে আটক করা হয়। ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করলেও বিজিবি ও বিএসএফের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সমাধানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) নামে এক বৃদ্ধ নিখোঁজ হন। শারীরিকভাবে দুর্বল ও শ্রবণপ্রতিবন্ধী এই বৃদ্ধ গরু খুঁজতে গিয়ে ভুলবশত সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।
বৃদ্ধকে ফেরত না দেওয়ায় এলাকায় চাপা ক্ষোভ তৈরি হয়। এরই মধ্যে শনিবার সকালে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার মিশ্রিলাল গোপের ছেলে দীপঙ্কর গোপ (৩০) কাঁটাতার অতিক্রম করে বাংলাদেশে ঢোকেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে বিরাজোত এলাকায় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে নিজেদের হেফাজতে নেন।
আটক বৃদ্ধের ছেলে আজাহার জানান, তার বাবা সম্পূর্ণ নির্দোষ এবং না বুঝে সীমান্তের কাছাকাছি চলে যান। বাবার মুক্তির বিনিময়ে ভারতীয় নাগরিককে ফেরত দেওয়ার দাবি জানান তিনি।
ঘটনাস্থলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল জোরদার করা হয়েছে। দীপঙ্কর গোপ বর্তমানে বিজিবি ও পুলিশের নিরাপত্তা হেফাজতে রয়েছেন। পঞ্চগড়ের বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বৃদ্ধ তমিজ উদ্দীনকে দ্রুত ফিরিয়ে আনা এবং আটক ভারতীয় নাগরিকের হস্তান্তরের বিষয়টি নিষ্পত্তিতে বিএসএফের সঙ্গে সমন্বয় করে পতাকা বৈঠক পরিচালনা করা হচ্ছে।

