কল রেকর্ডকে কেন্দ্র করে সাতক্ষীরায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১০

0
কল রেকর্ডকে কেন্দ্র করে সাতক্ষীরায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধিঃ একটি অডিও কল রেকর্ড কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ অন্তত ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে।

আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পী জানান, ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসানের একটি আপত্তিকর কল রেকর্ড শনিবার তাদের হাতে আসে। সেখানে বিএনপি ও ছাত্রদলের এক শীর্ষ নেতাকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়।

বিষয়টি সম্পর্কে জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন স্থানীয় নাজমুলের কাছে গেলে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে জেলা ছাত্রদলের সহসভাপতি বাপ্পীর নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী জাহিদকে উদ্ধার করতে যান। সে সময় ছাত্রলীগ নেতা নাজমুল ও তার বাবা স্থানীয় লাল্টু মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় গুরুতর আহত আটজনকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তারা হলেন মনজুরুল আলম বাপ্পী (সহসভাপতি, জেলা ছাত্রদল), রাজিব হোসেন (মনজুরুল আলম বাপ্পীর ভাই), আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, আব্দুস সালাম, তহিদুল হোসেন, মাহামুদুল হাসান

জেলা ছাত্রদল সভাপতি (আবু রায়হান) বলেন, স্থানীয় জামায়াতের মদদে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক (শাহাদাত হোসেন) জানান, “ফ্যাসিবাদী সরকারের দোসররা সন্ত্রাসী কায়দায় ছাত্রদল নেতাদের ওপর হামলা চালিয়েছে” উল্লেখ করে তিনি দোষীদের শাস্তি দাবি করেন। জেলা বিএনপি সদস্যসচিব (জাহিদ হাসান ডাবলু) বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা দাবি করে হামলায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত দুজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং পুরো ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।