রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত: মির্জা ফখরুলকে নিয়ে প্রস্তুতি তুঙ্গে

0
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত: মির্জা ফখরুলকে নিয়ে প্রস্তুতি তুঙ্গে

বিশেষ প্রতিবেদক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় বড় অগ্রগতি অর্জন করেছে। দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপির মহাসচিব এবং বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রের সর্বোচ্চ এ পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

যদিও বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করা হয়নি, তবে নির্বাচনকে কেন্দ্র করে বাস্তবে পূর্ণ মাত্রায় তোড়জোড় শুরু হয়ে গেছে। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলটির প্রতিনিধি দল। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থেকে এই ফরম গ্রহণ করেন।

এর আগে সম্প্রতি অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নীতি-নির্ধারণী বৈঠকে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনীত করার একক ক্ষমতা প্রদান করা হয় দলীয় প্রধান তারেক রহমানকে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদ সদস্যদের একক সমর্থনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া স্রেফ সময়ের ব্যাপার বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

দীর্ঘদিন বিরোধী রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল। সার্বিক দিক বিবেচনায় অভিজ্ঞতা ও ব্যক্তিত্বের জায়গায় তিনি সব পক্ষ থেকে গ্রহণযোগ্যতা পাবেন বলেই বিশ্বাস বিএনপির। রাজনৈতিক অঙ্গনে কোনো অভাবনীয় পরিবর্তন না ঘটলে চলতি সপ্তাহের শেষেই আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।