টাঙ্গুয়ার হাওরে ফের অভিযান, ইসিএ এলাকায় ঢুকে পরিবেশ দূষণ: ৩ হাউসবোটকে জরিমানা

0
টাঙ্গুয়ার হাওরে ফের অভিযান, ইসিএ এলাকায় ঢুকে পরিবেশ দূষণ: ৩ হাউসবোটকে জরিমানা

তাহিরপুর প্রতিনিধি: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের টানে প্রতিদিনই পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে টাঙ্গুয়ার হাওর। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই যদি নিয়ম ভেঙে সংরক্ষিত এলাকায় প্রবেশ আর পরিবেশ দূষণ চলে,তাহলে প্রকৃতির এই অনন্য জলাভূমি রক্ষা করবে কে? এমন প্রশ্নের মধ্যেই টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) রক্ষায় আবারও কঠোর অবস্থানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত সংরক্ষিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অভিযোগে তিনটি হাউসবোটকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে দণ্ডের অর্থ আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত অংশে প্রবেশ এবং পরিবেশ দূষণের অপরাধে এসব হাউসবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।

শুধু জরিমানা নয়,টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হয় অভিযানে। ভ্রমণকারী হাউসবোট ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণসংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ মেনে চলা এবং হাওরের পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়

টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়,এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ জলাভূমি ও রামসার সাইট। এর জীববৈচিত্র্য,জলজ সম্পদ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সংরক্ষিত এলাকার বিধিনিষেধ বাস্তবায়নকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।