
বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে শীর্ষ নীতিনির্ধারকদের এই বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ ১৩ আগস্ট দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারিত রয়েছে।
সকালে স্থায়ী কমিটির বৈঠকে নাম চূড়ান্ত করার পরপরই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতার মনোনয়নপত্র দাখিল করবে।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান এবং ড. খন্দকার মোশাররফ হোসেনের নামও বিকল্প হিসেবে গুঞ্জনে রয়েছে।
এর আগের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের যাবতীয় ক্ষমতা দলের প্রধান তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছিল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির সিদ্ধান্ত গ্রহণের পরেই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম জানা যাবে।
