মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানে রাজশাহী রেঞ্জে প্রথম স্থান অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

0
মাদক ও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানে রাজশাহী রেঞ্জে প্রথম স্থান অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারির ফলে জুলাই ২০২৬ মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ১ম স্থান অর্জন করেছে।

জুলাই মাসের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক ও অন্যান্য অপরাধসংক্রান্ত২০৬ টি মামলা দায়ের এবং ৮৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৪ কেজি ১৬৮.৫ গ্রাম হেরোইন ৮২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ৪৪৯ বোতল এসকাপ সিরাপ এক বোতল বিদেশি মদ,৫৬১ লিটার চোরাই মদ ও ৩০৫ লিটার ওয়াশ।

এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৮৬ ভারতীয় মোবাইল ফোন, ভারতীয় বিভিন্ন যন্ত্রাংশ ও ১টি পিকআপ উদ্ধার করা হয়েছে।

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথম স্থান অর্জন করে। এ উপলক্ষে রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ এর কাছ থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় এ অর্জন সম্ভব হয়েছে। এ সম্মাননা জেলা পুলিশের সদস্যদের মনোবল আরও বাড়াবে এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং জনগণের নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।