ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে কেশবপুরে রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

0
ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে কেশবপুরে রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কেশবপুর প্রতিবেদক: যশোরের কেশবপুরে অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে রিভা ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কেশবপুর পৌর শহরের মেইন রোডের পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রিভা ফুডে শিশুদের খাদ্যপণ্য, পেপসি, স্পিডসহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তিনি বলেন, শিশুদের খাদ্যপণ্যে অনিয়ম, বিএসটিআই অনুমোদন না থাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠানে অনিয়ম দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অভিযানের সময় কেশবপুর পৌর শহরের বিভিন্ন হোটেল ও খাদ্যপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, শিশুদের খাদ্যপণ্যসহ বাজারে বিক্রি হওয়া বিভিন্ন খাদ্যসামগ্রীর মান ও অনুমোদন নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। এতে একদিকে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমবে, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের অনিয়মও নিয়ন্ত্রণে আসবে।