চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী আহত 

0
চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের হামলায় তরকারি ব্যবসায়ী আহত 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় রাজপতি (৩৫) নামে এক তরকারি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের পুসকুনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাজপতি ভোলাহাট উপজেলার নামো মুশরীভোজা (বিন্দুপাড়া) গ্রামের ওকিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পুসকুনি এলাকায় ভ্রাম্যমাণভাবে তরকারি বিক্রি করছিলেন রাজপতি। এ সময় ডাকাত সদস্যরা তার ওপর হামলা চালিয়ে রামদা দিয়ে পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। রাজপতির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজপতিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন।

ঘটনার পর পুসকুনি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ডাকাত সদস্যদের এমন হামলায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত ডাকাত সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত সদস্যদের হামলায় আহত রাজপতিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি পরিকল্পিত কি না এবং হামলার সঙ্গে জড়িত ডাকাত সদস্যরা কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।