আজকের ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরে আইনি ও আদালতের বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিস্থ সাবেক গণভবন (বর্তমান ‘জুলাই ৩৬ জাদুঘর’)-এর সামনে থেকে দেওয়া এক ফেসবুক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।’
ভিডিও ধারণকালে সোহেল তাজ সাবেক গণভবনের সামনের সড়কে নিজের গাড়িতে অবস্থান করছিলেন। জাদুঘর চত্বরে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের দৃশ্য তুলে ধরে তিনি বলেন:
“আজকে ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। আমি প্রাক্তন গণভবন, বর্তমানে যেটা জুলাই ৩৬ জাদুঘর করা হয়েছে, এর সামনে দিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ। বাংলাদেশের দূর-দূরান্ত থেকে এখানে এসেছেন জাদুঘরটি প্রদর্শন করতে।”
“বাংলাদেশের সব মানুষ যে গণহত্যা দেখেছিল, এই গণভবন থেকেই তা পরিচালনা করা হয়েছিল। হাজার হাজার আহত ও নিহতদের আত্মীয়স্বজন এবং সাধারণ মানুষ স্বচক্ষে দেখতে এসেছেন, কীভাবে শেখ হাসিনার সরাসরি নির্দেশে এখান থেকে নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশনা দেওয়া হয়েছিল।”
সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে সোহেল তাজ বলেন, “আমরা শুনতে পাচ্ছি যে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবেন। আমি মনে করি, দেশের জনগণ আপনার জন্যই অপেক্ষা করছে। আপনি আসুন, বিচারের সম্মুখীন হন এবং ট্রাইব্যুনালে আপনার যে সাজা হয়েছে, তা মাথা পেতে নিন।”
ভিডিওর শেষ অংশে মিরপুর সড়কের যানজট ও জাদুঘরের প্রবেশপথে উৎসুক জনতার দীর্ঘ সারির দৃশ্য দেখিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে পুনর্বার বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।’

