বাংলাদেশ প্রতিবেদকঃ ভারতে আশ্রয় নেওয়া দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের অবিলম্বে হস্তান্তরের শর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর স্থগিতের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান।
রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বাংলাদেশ সরকারের এমন দূরদর্শী ও সার্বভৌম সিদ্ধান্তের প্রশংসা করেন।
সাদিকুর রহমান খান তার ফেসবুক পোস্টে লেখেন, শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত না যাওয়ার অবস্থান এক ঐতিহাসিক নজির। দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে এত কঠোর ও স্পষ্ট বার্তা দিতে দেখা গেল।
তিনি লেখেন “আজ বাংলাদেশ শুধু খেলায় নয়, বরং তার নিজস্ব সার্বভৌমত্ব ও জাতীয় আত্মমর্যাদার পথেও এক বড় ধাপ এগিয়ে গেল।” সরকারের অন্যান্য অভ্যন্তরীণ নীতি, তেল-গ্যাস বা সংস্কারের সমালোচনা করলেও দিল্লির ভূরাজনৈতিক চাপ উপেক্ষা করে সিনা টান করে কথা বলার এই সাহসের জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।
জাতীয় প্রশ্নে মত পার্থক্য থাকলেও আওয়ামী লীগ, শেখ হাসিনা ও দিল্লির আগ্রাসী কূটনীতির ইস্যুতে পুরো দেশের এক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সাদিকুর রহমান খান উল্লেখ করেন, “দিল্লি না ঢাকা?”—এই প্রশ্নের স্পষ্ট জবাব ২০২৪-এর জুলাই বিপ্লবেই এদেশের মানুষ দিয়ে দিয়েছে। সরকারের এই অবস্থান মূলত জনগণের সেই কণ্ঠেরই প্রতিধ্বনি। ১৭ বছরের কূটনৈতিক অধীনতা ও পরাধীনতার শৃঙ্খল ভাঙার পর জাতীয় সার্বভৌমত্ব উদ্যাপনের আনন্দ কতটা তীব্র হতে পারে, সরকারের এই সিদ্ধান্তে তা পরিলক্ষিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অবস্থান এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের এই সমর্থন দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় রাজনীতি ও জাতীয় পর্যায়ে সার্বভৌম সম্পর্কের নতুন বার্তা দিচ্ছে।

