ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন’ যুগের সূচনা: ১,৪২৭ ক্যামেরায় বন্ধ হবে চাঁদাবাজি ও ট্রাফিক অনিয়ম

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক ‘অটো ফাইন’ যুগের সূচনা: ১,৪২৭ ক্যামেরায় বন্ধ হবে চাঁদাবাজি ও ট্রাফিক অনিয়ম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও চাঁদাবাজি নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, উল্টো পথে চলাচল কিংবা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করলেই এখন আর হাত উঁচিয়ে পুলিশ থামাবে না; বরং স্বয়ংক্রিয়ভাবে জরিমানা পৌঁছে যাবে চালক ও গাড়ির মালিকের কাছে।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই অত্যাধুনিক এআই ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে মোট ১, হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

গতিসীমা লঙ্ঘন, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, নির্ধারিত লেন পরিবর্তন, মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার বা ধীরগতির যানবাহন প্রবেশ এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং। প্রযুক্তির মাধ্যমে অপরাধ রেকর্ড হওয়ায় পুলিশের ম্যানুয়াল হস্তক্ষেপ বা সড়কে সরাসরি হয়রানি কমবে। ফলে অনিয়মের পাশাপাশি মহাসড়কে দীর্ঘদিনের চাঁদাবাজি বন্ধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রযুক্তিটির মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং চালকদের মধ্যে আইন মানার সংস্কৃতি তৈরি করা। সড়ক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অনিয়ম রোধে স্বচ্ছতা আনতে হাইওয়ে পুলিশের এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।

পরিবহন চালক ও শ্রমিকরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের দাবি, মহাসড়কে দুর্ঘটনা কমাতে এআই নজরদারির পাশাপাশি থ্রি-হুইলার ও ধীরগতির যানবাহনের প্রবেশ পুরোপুরি বন্ধ করতে হবে।

জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইওয়ে পুলিশের পাশাপাশি আঞ্চলিক ও জেলা শহরের সড়কগুলোতেও পর্যায়ক্রমে এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।