কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত

0
কলকাতায় হোটেলে আগুনে স্ত্রী-সন্তান শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দম্পতি ও তাঁদের দুই বছর বয়সী শিশুসন্তানসহ কুষ্টিয়ার চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট ২০২৬) ভোররাতে কলকাতার নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোট নয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত চারজন হলেন— কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়ার সাংবাদিক দেবাশিস দত্ত (৩৭), তাঁর স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছর বয়সী শিশুসন্তান শর্ণশিষ দত্ত এবং কুষ্টিয়া শহরের থানাপাড়ার মো. আকরাম আলী (৬৪)।

সাংবাদিক দেবাশিস দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের আলো’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চ্যানেল নাইন ও আজকের খবরের জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে গত ৩ আগস্ট পরিবার নিয়ে ভারতে যান দেবাশিস। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে বুধবার রাতে বিমানে কলকাতায় ফেরেন এবং মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ওঠেন। বুধবারই তাঁদের দেশে ফেরার কথা ছিল। তবে দেবাশিসের বড় মেয়ে পাখি কুষ্টিয়ায় থেকে যাওয়ায় অলৌকিকভাবে বেঁচে গেলেও এক নিমিষে এতিম হয়ে পড়েছে।

ছেলের অকালমৃত্যুতে মা স্বপ্না দত্ত বিলাপ করে বলেন, “কালকেও তো ভালো মানুষটা আমার সঙ্গে কথা বলল! এখন আমার কী হবে?” অন্যদিকে বাবা দিলীপ দত্ত অশ্রুসজল চোখে বলেন, “একজন বাবা হয়ে কীভাবে সন্তানের লাশ মেনে নেব?”

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কুষ্টিয়া স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং এই ক্ষতিকে অপূরণীয় বলে উল্লেখ করেছেন।