বাংলাদেশ প্রতিবেদকঃ বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক শপথগ্রহণের আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) পৌঁছে তিনি তাঁদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রদ্ধা নিবেদনকালে নবনির্বাচিত রাষ্ট্রপতি সমাধিস্থলে কিছু সময় নীরবতা পালন করেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথকভাবে ফুল দেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সুরা ফাতেহা পাঠ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শেরেবাংলা নগর ও চন্দ্রিমা উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে রাষ্ট্রপতির জাঁকজমকপূর্ণ এই অভিষেকের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

