বাংলাদেশ প্রতিবেদকঃ সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভার আকার বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রশাসনে গতিশীলতা আনতে বিভিন্ন দপ্তরে আনা হয়েছে ব্যাপক রদবদল। নতুন করে চারজন পূর্ণ মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান দেশের ২৩তম রাষ্ট্রপতি ড. মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরপরই এটি ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রম।
পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপির জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য। এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য। এতদিন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন; তাকে পদোন্নতি দিয়ে পূর্ণ মন্ত্রী করা হলো।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির, বিএনপির যুগ্ম মহাসচিব (টেকনোক্র্যাট)। এতদিন তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য।
শপথ গ্রহণ শেষ হলেও এখনো আনুষ্ঠানিকভাবে দপ্তর বণ্টন সম্পন্ন হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে— রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের শপথ নেওয়ার ফলে শূন্য হওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অথবা পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ড. আবদুল মঈন খান।
শারীরিক অসুস্থতার কারণে দীপেন দেওয়ান পদত্যাগ করায় খালি হওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাচিং প্রু জেরী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে আন্দালিব রহমান পার্থকে। তথ্য মন্ত্রণালয়ে থাকা জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে।
পদোন্নতি পাওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ে স্থানান্তরের আলোচনা রয়েছে।
নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং দীর্ঘদিন ধরে ধর্ম বিষয়ক কার্যক্রমে সমন্বয় করে আসা শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন সরকার গঠিত হয়েছিল। পরবর্তী সময়ে ডেপুটি স্পিকার পদে একজনের নিয়োগ, এক মন্ত্রীর পদত্যাগ এবং রাষ্ট্রপতির শপথের কারণে সৃষ্ট শূন্য পদগুলো পূরণের মাধ্যমে নতুন পাঁচজন নতুন মুখ এবং একজনের পদোন্নতির মধ্য দিয়ে বর্তমানে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।

