চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

0
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ মো. নজরুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বালিয়াদিঘি গ্রামের নিউ দেশ স্কেল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় নজরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা, Apache RTR-160 সিসির একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক নজরুল ইসলাম বালিয়াদিঘি গ্রামের মোবারক হোসেনের ছেলে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।