সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার- ২

0
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার- ২

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। একই সাথে মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

শুক্রবার (২৮আগস্ট) ভোরে বিশ্বম্ভরপুর—সুনামগঞ্জ সড়কের পলাশ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এসময় একটি কাভার্ডভ্যান গাড়ি ও ফরিদপুর সদর উপজেলার পশ্চিম গোয়ালচামাত এলাকার আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার জিহাদ ফকির (৩৪) নামের দুই চোরাকারবারীকে আটক করতে সমর্থ হয় ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত ফুচকার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া ফুচকা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো—ট—১৬—৯৭৭৮) জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। উদ্ধারকৃত ফুচকা ও কাভার্ডভ্যানসহ মোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ওসি) হযরত আলী জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই মো. মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলামসহ একটি দল এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।