শার্শা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সকালে পুকুরে গিয়ে হাজার হাজার মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন পুকুর মালিক আব্দুল মান্নান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার শংকরপুর ইউনিয়নের বড়পোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুর মালিক আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। গ্রামের প্রায় ১০ কাঠা জমির পুকুরটিতে রুই মাছের পোনা, মিলগেল জাপানি, বাটা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। মাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে মুহূর্তেই তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে পুকুরে গিয়ে দেখেন, পানিতে হাজার হাজার পোনা মাছ মরে ভেসে আছে। বড় মাছগুলোও পানিতে চিৎ হয়ে পড়ে রয়েছে। বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় তিনি পুকুরে নেমে পানিতে বিষের গন্ধ পান। পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মাছ মারা গেছে। এতে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক আরো বলেন, “অনেক কষ্ট ও টাকা বিনিয়োগ করে মাছগুলো বড় করছিলাম। এখন সব শেষ হয়ে গেছে। যারা রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে আমার মাছ মেরে ফেলেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

