গাজীপুরে জামাইয়ের চাইনিজ কুড়ালের কোপে শ্বশুর নিহত

0
গাজীপুরে জামাইয়ের চাইনিজ কুড়ালের কোপে শ্বশুর নিহত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের চরম পরিনতিতে শ্বশুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম মজিদ মোড়ল (৬৫)। উত্তর জামালপুর গ্রামের মোজাম্মেল হোসেন মোজা (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে তার শ্বশুরকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার গুরুতর অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার জামালপুর বাজারের শীতলক্ষ্যা নদীসংলগ্ন ট্রলারঘাটে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মজিদ মোড়ল জামালপুর বাজারের একজন পেশাদার কলা ব্যবসায়ী ও স্থানীয় আলফু মোড়লের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল হোসেন একই এলাকার নওয়াব আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর পূর্বে মজিদ মোড়লের মেয়ের সঙ্গে মোজাম্মেল হোসেনের বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক সম্পর্কে টানাপোড়েন চলছিল। দাম্পত্য কলহের জেরে গত সাত দিন পূর্বে মজিদ মোড়লের মেয়ে বাবার বাড়িতে চলে আসেন।

উদ্ভূত পরিস্থিতিতে নিহত মজিদ মোড়ল স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় বিষয়টি সুরাহার উদ্যোগ নেন। তিনি জামাই মোজাম্মেলকে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে এসে আলোচনা সাপেক্ষে স্ত্রীকে নিজ বাড়িতে ফেরত নিয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন জামাই।

শুক্রবার বিকেলে জামালপুর বাজারে মজিদ মোড়ল নিজের দোকানে কলা বিক্রি করছিলেন। এ সময় মোজাম্মেল চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তার শ্বশুরের ওপর উপরিউপরি কোপ বসায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় মজিদ মোড়ল মাটিতে লুটিয়ে পড়লে ঘাতক জামাই দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ঘটনাস্থল থেকে উপস্থিত জনতা ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মজিদ মোড়লকে উদ্ধার করে নিকটস্থ নোভা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে বিল্লাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ছোট বোনের জামাই দীর্ঘদিনের বিরোধ মেটানোর শান্তিমূলক আহ্বানে ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম জানান, পারিবারিক বিরোধের জেরে জামাই কর্তৃক শ্বশুর খুনের বিষয়টি স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) শওকত হোসেন জানান, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।