চার খুনের ঘটনায় স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

0
চার খুনের ঘটনায় স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

জয়নাল আবেদীন: রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় স্বল্প সময়ের মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে জানিয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

রবিবার দুপুরে নগরীর মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন । তিনি বলেন মাদকের বিরুদ্ধে কথা বলায় চার হত্যাকান্ডের ঘটনাটি অধিকতর তদন্তের মাধ্যমে আদালতে চার্জশীট দাখিল করবে পুলিশ। জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় মন্তব্য করে মন্ত্রী আসাদুল হাবীব দুলু পাড়া-মহল্লা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, আমি এখানে এসে জানতে পারলাম মাদকাসক্তরা গণপতি স্যারকে অনেক ডিস্টার্ব করতো। মাদকের বিরুদ্ধে কথা বলায় স্যারসহ তার পরিবারকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ বাহিনী দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।তিনি বলেন, বর্তমান সরকার এসব হত্যাকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রামিশা হত্যা মামলায় দ্রুত সময়ের মধ্যে চার্জশীট দেয়া হয়েছে। তার বিচারকার্য শেষ হয়েছে।

আমরা এলাকায় নন্দিনী নামে একটি বাচ্চা মেয়েকে হত্যার ঘটনায় ১৫ দিনের মধ্যে বিচার কার্যশেষ হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে চার্জশীট দাখিল করে স্বল্প সময়ের মধ্যে জঘন্যতম এ হত্যাকান্ডের মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।তিনি আরও বলেন, হত্যাকান্ডের মূল আসামী স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে। এই হত্যাকান্ডের পেছনে মাদক রয়েছে। আমাদের সরকার মাদকের বিষয়ে সবোর্চ্চ সাজা মৃত্যুদন্ড করেছে। আমরা আশা করছি জনগণের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরী করতে হবে। জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ না করলে সমাজ থেকে মাদক নির্মূল করা যাবে না। পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।।