রাজস্ব বোর্ডে বড় পরিবর্তন: ৬৮ কর কমিশনারকে নতুন কর্মস্থলে পাঠাল এনবিআর

0
রাজস্ব বোর্ডে বড় পরিবর্তন: ৬৮ কর কমিশনারকে নতুন কর্মস্থলে পাঠাল এনবিআর

বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার মোট ৬৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি, নতুন পদায়ন ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশের মাধ্যমে এই বড় ধরনের প্রশাসনিক রদবদল কার্যকর করা হয়।

আইআরডি-এর এক প্রজ্ঞাপনে বিসিএস (কর) ক্যাডারের অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

পৃথক এক অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ জন কর্মকর্তাকে বদলির পাশাপাশি বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের নির্ধারিত নতুন স্থানে দায়িত্ব পালন করবেন।

এছাড়া, নতুন পদায়নকৃত কর্মস্থলে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। বদলিকৃত কর্মকর্তাদের নিজ নিজ পূর্ববর্তী পদের মূল ও অতিরিক্ত দায়িত্ব অর্পণ শেষে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন ও অফিস আদেশের বিস্তারিত কপি এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।