টঙ্গী থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান: কৃষক লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

0
টঙ্গী থানা গেটে ‘জয় বাংলা’ স্লোগান: কৃষক লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গী পূর্ব থানা প্রাঙ্গণে প্রিজন ভ্যানে তোলার সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের দলীয় স্লোগান দেওয়ায় এক কৃষক লীগ নেতার পাঁচ স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তি সহ মোট ১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গীর মরকুন এলাকার মাহদী হাসান (১৯), হারুন রশীদ (৪৫), জহুরা বেগম (৫০), শারমিন সুলতানা (৩০) ও শাহিদা আক্তার (৩৮)। তাঁরা সকলেই টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনের নিকটাত্মীয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আবদুল মতিনকে (৪৭) গ্রেপ্তার করে। রাতভর তাকে থানার হাজতখানায় রাখা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার ব্যবস্থা করা হচ্ছিল।

আসামিকে প্রিজন ভ্যানে ওঠানোর মুহূর্তেই বাইরে অবস্থানরত তাঁর স্বজন ও সমর্থকদের একটি দল হুট করে দলীয় ও উসকানিমূলক স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, ঘটনাটি থানার ঠিক সামনে ঘটেছে। একজন গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে নেওয়ার সময় এ ধরনের উসকানিমূলক স্লোগান দেওয়া সম্পূর্ণ আইনবহির্ভূত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা।

ঘটনার পর টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় গ্রেপ্তারকৃত ৫ জনসহ মোট ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।