জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট শহরের পূর্ব ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি স্মার্টফোনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাতে জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি গ্রামের মৃত আশরাফ ইসলামের ছেলে পাপ্পু (৩০) এবং তার স্ত্রী রিনা আক্তার (২২)।
(ওসি) আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল মাদক ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাপ্পুর নিজ বসতবাড়ির সামনে থেকে তাকে অনলাইন জুয়া খেলা অবস্থায় এবং তার স্ত্রী রিনা আক্তারকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও ১০১ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

