বিনোদন ডেস্কঃ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক শারীরিক হেনস্তার শিকার হয়েছেন প্রখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় একটি পার্কে পরিবারের সদস্যদের সামনেই তার ওপর চড়াও হয় একদল দুর্বৃত্ত। বাংলাদেশ সময় সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এই হামলার অভিযোগ প্রকাশ করেন।
ভাইয়ের পরিবারের সঙ্গে ভেনিসের একটি পার্কে ঘুরতে বের হলে হঠাৎ কয়েকজন ব্যক্তি বাঁধনের ওপর চড়াও হন। তারা অভিনেত্রীকে লক্ষ্য করে ডিম ও কোমল পানীয় (কোক) নিক্ষেপ করেন, শারীরিকভাবে প্রহার করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন।
হামলাকারীরা বাঁধনকে ‘জুলাইযোদ্ধা’ ও ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালাগালি করতে থাকে। একই সঙ্গে তাকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করে এবং সেই দৃশ্য ভিডিওতে ধারণ করে। নিজেকে ছাত্রলীগ কর্মী দাবি করা কয়েকজন ব্যক্তি এ সময় তার ওপর বারবার হামলার চেষ্টা চালায়।
বাঁধন জানান, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়।
ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে বাঁধন বলেন, “আমার গায়ে হাত তোলা হয়েছে। আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত। এভাবে নিজেদের মর্যাদা ফেরাতে পারবেন না।” তিনি আরও জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও বর্তমানে ভেনিসে অবস্থান করছেন। ঘটনাটি তার দৃষ্টিগোচর করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান তিনি।
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হওয়া এই অভিনেত্রী দেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। আন্তর্জাতিক একটি সম্মানজনক মঞ্চে অংশ নিতে গিয়ে প্রবাসে একজন বাংলাদেশি শিল্পীর ওপর এমন সংঘবদ্ধ হামলার ঘটনায় দেশ ও বিদেশের সচেতন মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

