জয়নাল আবেদীনঃ মাদকাসক্ত ছেলের অব্যাহত অত্যাচার সইতে না পেরে অবশেষে নিজ পিতা সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়ে নজির স্থাপন করেছেন। এই ঘটনা তারাগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলেকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন ম্যাজিষ্ট্রেট।
জানা গেছে উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আলিফনুর রহমান নিয়মিত মাদক সেবন করে বাড়ি এসে পরিবারের লোকজনের ওপর অত্যাচার চালাতেন। এদিকে গতকাল দুপুরে দিকে আবারো মাদক সেবন করে মাতলামি করাসহ বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর শুরু করলে তাৎক্ষণিকভাবে তার বাবা পুলিশকে খবর দেন এবং ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারদন্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, মাদকাসক্ত ছেলেকে মাতাল অবস্থায় তার বাবা পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ছেলেকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

