জয়নাল আবেদীন: রংপুরে মাটির নিচ থেকে আড়াই হাজার লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে নগরীর সাতমাথা এলাকা থেকে এসব মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে কোতয়ালী থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধারকৃত চোলাই মদ ধ্বংস করে ফেলেন।
শনিবার বিকেলে এ তথ্য জানান, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি নাজমুল কাদের।তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাতমাথা সংলগ্ন সাঁওতাল পট্টিতে প্রকাশ্যে চোলাই মদের কারবার পরিচালনা করে আসছে একটি চক্র। স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিকেরা তাদের মাদকের কারবার বন্ধে অনুরোধ করলেও তারা কারবার চালিয়ে আসছিল। শুক্রবার সাতমাথা মাদক ও অপরাধ নির্মূল কমিটির উদ্যোগে বিকেল থেকে সাতমাথা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এতে সাঁওতাল পট্টি থেকে ২ হাজার ৪শ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।সাতমাথা মাদক ও অপরাধ নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আলমগীর স্বপন বলেন, আমাদের সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে আমরা কোনো আপস করব না।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি নাজমুল কাদের বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সকলের উপস্থিতিতে উদ্ধারকৃত চোলাই মদ ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

