প্রশাসনের দোরগোড়ায় অবৈধ বালুর স্তূপ, তাহিরপুরে তোলপাড়

0
প্রশাসনের দোরগোড়ায় অবৈধ বালুর স্তূপ, তাহিরপুরে তোলপাড়

তাহিরপুর প্রতিবেদক: তাহিরপুর উপজেলা প্রশাসন ভবনের সামনে অবৈধভাবে সংগৃহীত বলে অভিযোগ ওঠা বালুর স্তূপ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। প্রশাসনের দোরগোড়ায় প্রকাশ্যে বিপুল পরিমাণ বালু মজুদের ঘটনায় প্রশ্ন উঠেছে—এত বড় বালুর স্তূপ এখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত?এর আগে স্টিলবডি নৌকায় বালু বোঝাই করে এনে উপজেলা প্রশাসন ভবনের সামনে বালু স্তূপ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঘটনাস্থলে গিয়ে বালুর স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। এ সময় তিনি মজুদ করা বালু জব্দ করার নির্দেশ দেন।পাশাপাশি বালু মজুদের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনুকে নির্দেশ দেন ইউএনও।

ইউএনওর ঘটনাস্থলে উপস্থিতি, ক্ষোভ প্রকাশ এবং বালু জব্দ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তের নির্দেশ দেওয়ার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি,শুধু বালু জব্দ করলেই হবে না; বালুগুলো কোথা থেকে আনা হয়েছে, কার মালিকানাধীন এবং কীভাবে উপজেলা প্রশাসন ভবনের সামনে এনে মজুদ করা হলো—এসব বিষয়ও তদন্ত করে সামনে আনতে হবে। তাদের প্রশ্ন,প্রশাসনের দোরগোড়ায় এভাবে বালু মজুদের সুযোগ কীভাবে তৈরি হলো? এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না, এখন সেটিই দেখার বিষয়।

তাহিরপুরবাসীর প্রত্যাশা—বালু জব্দের মধ্যেই যেন তদন্ত থেমে না যায়; বরং এর নেপথ্যে কারা জড়িত, তা খুঁজে বের করে তাদেরও জবাবদিহির আওতায় আনা হোক।