
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যবস্থায় ক্রমবর্ধমান বিভাজন, ক্ষমতার অসম বণ্টন এবং প্রযুক্তির অনিয়ন্ত্রিত শক্তির কারণে বিশ্ব এক চরম ঝুঁকিপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দায়িত্ব মেয়াদের শেষ পর্যায়ে দাঁড়িয়ে সাধারণ পরিষদের বিশেষ উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া এক আবেগঘন ও কঠোর ভাষণে তিনি গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে ‘নজিরবিহীন গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন।
একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ, অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং করপোরেট শক্তির হাতে বৈশ্বিক ক্ষমতার স্থানান্তরের বিষয়ে বিশ্বনেতাদের সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের গত এক দশকে বহু সংঘাত দেখার অভিজ্ঞতা তুলে ধরে গুতেরেস বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় যে সামরিক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালানো হয়েছে, তা তার দেখা অন্য যেকোনো ঘটনার চেয়ে ভিন্ন ও ভয়াবহ।
গাজার ভয়াবহ মানবীয় সংকট থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কোনোভাবেই সরালে চলবে না। শক্তি ও অস্ত্রের মহড়াকে আন্তর্জাতিক আইনের ওপরে স্থান দেওয়ায় দায়মুক্তির যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা বৈশ্বিক বিশৃঙ্খলাকে উসকে দিচ্ছে।
ইউক্রেনে রাশিয়ার ‘পূর্ণমাত্রার আগ্রাসন’কে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে পুনর্ব্যক্ত করেন গুতেরেস।
যুদ্ধের প্রথম সারির বাইরেও নির্দোষ বেসামরিক মানুষ অব্যাহতভাবে প্রাণ হারাচ্ছে। বিশ্বনেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, কেবল সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব; শক্তিকে অবশ্যই আন্তর্জাতিক আইনি কাঠামোর অধীনে পরিচালিত হতে হবে।
বিশ্বে ক্ষমতার কাঠামো যেভাবে পরিবর্তিত হচ্ছে, সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দিয়ে গুতেরেস প্রধান ৩টি দিক চিহ্নিত করেন । প্রথাগত পরাশক্তিগুলোর পাশাপাশি নতুন প্রভাবকেন্দ্রের উত্থান ঘটছে।
ক্ষমতার একটি বড় অংশ রাষ্ট্রীয় কাঠামোর বাইরে গিয়ে অনিয়ন্ত্রিত বেসরকারি প্রতিষ্ঠান ও ধনকুবেরদের হাতে পুঞ্জীভূত হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং স্বয়ংক্রিয় মারণাস্ত্রের (Autonomous Weapons) দ্রুত বিকাশের ফলে মানুষের হাত থেকে ক্ষমতা প্রযুক্তির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।
জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, অনিয়ন্ত্রিত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় অস্ত্রের বিকাশ বিশ্ব সুরক্ষাকে চরম হুমকিতে ফেলছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কেবল মুনাফার উদ্দেশ্যে বিষাক্ত তথ্য ও অনিয়ন্ত্রিত অ্যালগরিদম ছড়ানো বন্ধ করার জন্য নীতিগত তাগিদ দেন তিনি।
ভাষণের শেষে গুতেরেস জোর দিয়ে বলেন, একবিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে তৈরি হওয়া এসব সংকটকে আলাদা ভাবার সুযোগ নেই; এগুলো মূলত বিশ্ব ক্ষমতার পুনর্বণ্টন এবং জবাবদিহিতার অভাবের ফল। বর্তমান ভঙ্গুর বিশ্ব সংস্থাসমূহকে দ্রুত সংস্কার করে একটি নিয়মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
