গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অটোরিকশা ও ট্রাকের তীব্র সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার পর অটোরিকশার চালককে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

