তাহিরপুর প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর সঙ্গে উপজেলার বিভিন্ন মহলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও রিপামনি দেবী বলেন,জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।তাহিরপুরের উন্নয়ন ও জনকল্যাণে জনপ্রতিনিধি, গণমাধ্যম, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় বক্তারা টাঙ্গুয়ার হাওর সংরক্ষণ,পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা, হাওরবাসীর জীবন-জীবিকা, আইনশৃঙ্খলা,সরকারি সেবা ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে সংরক্ষণ ও পর্যটন কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ এবং শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার। এ ছাড়া উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,সদস্য মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সফিক মিয়া, ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম,ছাত্রদল নেতা ওহি বাদল ও সজিব এবং উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাজাহান কবির। এ সময় উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,তাহিরপুরের উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন,জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।একই সঙ্গে টাঙ্গুয়ার হাওরসহ উপজেলার প্রাকৃতিক সম্পদ রক্ষা,পর্যটন ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং হাওরবাসীর স্বার্থ সুরক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।নবাগত ইউএনও রিপামনি দেবী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার মধ্য দিয়ে নবাগত ইউএনওর কাছে তাহিরপুরের বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়। স্থানীয়দের প্রত্যাশা,নতুন প্রশাসনিক নেতৃত্বে জনসেবায় আরও গতি আসবে এবং উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

