প্রিজনভ্যানের তালা খুলে প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ: ‘পিচ্চি রাজা’র পলায়ন নাটক ফাঁস, এসআইসহ গ্রেফতার ৩

0
প্রিজনভ্যানের তালা খুলে প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ: ‘পিচ্চি রাজা’র পলায়ন নাটক ফাঁস, এসআইসহ গ্রেফতার ৩

সুমন গাজীঃ গাজীপুরের কোনাবাড়ীতে আদালত থেকে কারাগারে ফেরার পথে শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’র রহস্যজনক পলায়নের পেছনে বের হয়ে এসেছে থালে থালে দুর্নীতি আর আঁতাতের চাঞ্চল্যকর তথ্য। প্রিজনভ্যান ভেঙে আসামির পালিয়ে যাওয়া কোনো দুর্ঘটনা বা কৌশল ছিল না; বরং মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্কট পুলিশ সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় পুরান ঢাকা থেকেই প্রাইভেটকারে করে তাকে ভাগিয়ে দেওয়া হয়েছিল।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) সদরদপ্তরে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব তথ্য উন্মোচন করেন জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে ঢাকা জেলা জজ কোর্ট থেকে ২৯ জন হাজতি বন্দিকে প্রিজনভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজা (৩৪) কৌশলে পালিয়ে গেছে বলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দাবি করেন। এ নিয়ে কোনাবাড়ী থানায় মামলা হলে তদন্তভার দেওয়া হয় জিএমপি ডিবি (দক্ষিণ) বিভাগকে।

ডিবি পুলিশের গভীর তদন্তে বেরিয়ে আসে আসল থলের বিড়াল। তদন্ত দল জানায়, পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রিজনভ্যানটি থামানো হয়। এরপর স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে চাবি নিয়ে পিচ্চি রাজা ও খাইরুল বাশার নামের দুই হাজতিকে নিচে নামিয়ে আনেন।

খাইরুলকে ভ্যানের চালকের পাশের আসনে বসানো হলেও পিচ্চি রাজাকে আর গাড়িতে তোলা হয়নি। সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা একটি হাওয়া-প্রাইভেটকারে তুলে দেওয়া হয় এই শীর্ষ সন্ত্রাসীকে। ঘটনাটিকে আইনশৃঙ্খলার চোখ ফাঁকি দিতে পরবর্তীতে কোনাবাড়ী এলাকায় ‘পলায়ন নাটক’ হিসেবে সাজানো হয়েছিল।

তদন্তে সুস্পষ্ট প্রমাণ মিললে ডিবি পুলিশ অভিযান চালিয়ে পলায়ন নাটকের অন্যতম কুশীলব পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট লিডার এসআই প্রবীর কুমার বিশ্বাস এবং চালক নায়েক কামাল হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে চালক কামালের বাড়ি থেকে ঘুষের লেনদেন হওয়া নগদ ৬০ হাজার টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়।

এর আগে দায়িত্বে চরম অবহেলা ও অনিয়মের অভিযোগে এসআই প্রবীর কুমার, চালক নায়েক কামাল হোসেন, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পাশাপাশি গঠন করা হয় ৩ সদস্যের তদন্ত কমিটি।

জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, “আইনের রক্ষক হয়ে যারা অপরাধীর সঙ্গে হাত মিলিয়ে এমন ঘটনা ঘটিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পলাতক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাকে পুনরায় গ্রেফতার এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের জালে তুলতে ডিবির একাধিক টিম মাঠে কাজ করছে।”