চুরির ছক থেকে চারজনের প্রাণহানি: অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য, ‘খোঁড়া অজুহাত’ বললেন বাদী

0
চুরির ছক থেকে চারজনের প্রাণহানি: অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য, ‘খোঁড়া অজুহাত’ বললেন বাদী

জয়নাল আবেদীনঃ রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার পেছনে মূল কারণ ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার থাকার গুঞ্জন শুনে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন অভিযুক্ত দুই যুবক। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলায় প্রথমে তাকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর একে একে পরিবারের আরও তিন সদস্যকে নির্মমভাবে হত্যা করেন তারা।

তদন্ত শেষে আদালতে দাখিল করা অভিযোগপত্রে (চার্জশিট) এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ।

আলোচিত এই জোড়া-চতুর্থ হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ‘গ্রেপ্তারকৃত দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগৃহীত বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তদন্তে প্রাপ্ত অন্যান্য সাক্ষ্যপ্রমাণও আসামিদের জবানবন্দির সঙ্গে হুবহু মিলে গেছে।’

হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও প্রেক্ষাপট তুলে ধরে গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী দাবি করেন, এই হত্যাকাণ্ডের পেছনে পূর্বপরিকল্পিত কোনো বড় ষড়যন্ত্র নয়, বরং চুরির উদ্দেশ্যই ছিল মূল কারণ। তিনি বলেন, ‘গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল অঙ্কের টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও নিয়মিত স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই দুই আসামি বাড়িটিতে চুরির ছক কষে।’

উপপুলিশ কমিশনার আরও জানান, ঘটনার প্রায় ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাদের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়েছিল। এর আগেও সিদ্ধার্থ ও মুগ্ধ পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলে তদন্তে প্রমাণ মিলেছে।

পুলিশের তদন্ত অনুযায়ী, গত ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁরা ছাদে অবস্থান নেন এবং সেখানে বসে ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদে শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী সেখানে গেলে চোরদের দেখে ফেলেন। ধরা পড়ে যাওয়ার ভয়ে তখন তাঁর গলায় থাকা গামছা দিয়েই শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়।

বাবার চিৎকার বা শব্দ শুনে ছাদে ছুটে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশ জানায়, দুই আসামি তাঁদেরও হত্যা করেন। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়, যার ফলে সিদ্ধার্থের শরীরেও আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। পরে ঘরের ভেতরে ঢুকে ১২ বছর বয়সী শিশু আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না এবং নগদ প্রায় ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যান আসামিরা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও ওই দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএ পাওয়া যায়নি।

অবসরকালীন ভাতার অর্থ নিয়ে প্রচলিত গুঞ্জনের বিষয়ে পুলিশ জানায়, গণপতি চক্রবর্তী অবসরে গিয়ে ৫০ থেকে ৬০ লাখ টাকা পেয়েছেন বলে এলাকায় আলোচনা থাকলেও তদন্তে দেখা গেছে তিনি প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই টাকা সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে, যা বর্তমানে জব্দ অবস্থায় আছে।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জনকে সাক্ষী এবং ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে পুলিশের এই তদন্ত ও ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই এবং মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘শুধু টাকা-পয়সা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটা সম্পূর্ণ খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত আছে। শুরু থেকেই বলে আসছি, মাত্র দুজনের পক্ষে চারজনকে এভাবে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত মাস্টারমাইন্ডদের শনাক্ত করার দাবি জানিয়েছি, কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।’