শার্শা প্রতিনিধ: যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নুর মোহাম্মদ খোকন (৫৫) নামে নিষিদ্ধ যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ ।
সোমবার (৫ অক্টোবর) ভোরে শার্শা থানার পুলিশ সদস্যরা বাগআঁচড়া বাগাডাঙ্গার নিজ বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক নুর মোহাম্মদ খোকন শার্শা উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।সে বাগআঁচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নং-২৩ (তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬), জি আর নং-৩০২ (তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬), বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)/২৫D ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪/৬ ধারার নিয়মিত মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে তাঁকে বাগাডাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানায়, আটক আসামীকে সোমবার দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

