রাণীনগর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নওগাঁর রাণীনগর উপজেলার ৫ নং বড়গাছা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এখন উৎসবের আমেজ। পূজাকে সামনে রেখে মণ্ডপগুলোতে চলছে নানা প্রস্তুতি। এ উপলক্ষে ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মতিন মাস্টার।
এবার বড়গাছা ইউনিয়নের গহেলাপুর সার্বজনীন মন্দির, খাসগড়, বড়গাছা বাজার, বাঁশবাড়িয়া, নলদিঘী রায় বাড়ি, নলদিঘী পশ্চিমপাড়া, দেউলা পশ্চিমপাড়া, দেউলা ভট্টপাড়া, মানিকহার সার্বজনীন মন্দির ও ভাটকৈ বাজার সার্বজনীন মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান মো. আব্দুল মতিন মাস্টার বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়; এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি অনন্য প্রতীক। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি বলেন, বড়গাছা ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবাইকে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান মো. আব্দুল মতিন মাস্টার ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।

