
বাংলাদেশ প্রতিবেদকঃ সারা দেশে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে খাদ্যের গুণগত মান পরীক্ষার সুবিধাসম্পন্ন অত্যাধুনিক ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৬৪টি জেলাতেই এ ধরনের ভেজালবিরোধী তদারকি ও তাৎক্ষণিক খাদ্য পরীক্ষা কার্যক্রম ছড়িয়ে দেওয়ার সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে সরকার।
আজ বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের পূর্বে মন্ত্রিপরিষদ বিভাগের প্রাঙ্গণে রাখা বিশেষ এ মোবাইল ল্যাবরেটরি ভ্যানটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি স্বশরীরে ভ্যানের ভেতরে প্রবেশ করে খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ, অন-স্পট কেমিক্যাল টেস্ট ও তাৎক্ষণিক ফলাফল পর্যালোচনার কারিগরি প্রক্রিয়াটি অত্যন্ত আগ্রহের সাথে পর্যবেক্ষণ করেন। এ সময় ল্যাবরেটরির প্রযুক্তিগত সুযোগ-সুবিধা ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য অবহিত করেন দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞরা।
কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, ভেজাল খাদ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA) ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে দেশের ৮টি প্রধান মহানগর এলাকায় এসব মোবাইল ল্যাবের মাধ্যমে নিয়মিত বাজার তদারকি ও খাদ্য পরীক্ষা চলছে। খুব শীঘ্রই এই কার্যক্রম ধাপে ধাপে দেশের ৬৪টি জেলায় সম্প্রসারিত করা হবে।
খাদ্য নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক মেগা প্রকল্পের আওতায় আরও ৭২টি আধুনিক মোবাইল ল্যাবরেটরি ভ্যান ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এসব ভ্যানে শুধু খাদ্য পরীক্ষার সুযোগই থাকবে না, বরং সাধারণ মানুষকে ভেজাল খাবার সম্পর্কে সচেতন করতে প্রতিটি ভ্যানের বাইরের অংশে বসানো হয়েছে ডিজিটাল মনিটর। সেখানে নিরাপদ খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও ভেজাল সনাক্তকরণ বিষয়ে সচেতনতামূলক ভিজ্যুয়াল কনটেন্ট ও ভিডিও প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজা খানম, মাননীয় খাদ্যমন্ত্রী, নুরুল ইসলাম মনি, সরকারদলীয় চিফ হুইপ,আব্দুল বারী, খাদ্য প্রতিমন্ত্রী, এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কামরুজ্জামান চৌধুরী, জনপ্রশাসনসচিব এবং খাদ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্মাগণ।
