আত্রাইয়ে চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম ​

0
আত্রাইয়ে চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম ​

রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে করা মামলায় দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি শিফাত মাহমুদ ফাহিম কারাগারে গেছেন। বুধবার (১৪ অক্টোবর) নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. নজরুল ইসলাম তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​মামলার নথি ও পুলিশের দেওয়া চার্জশিট সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার ২ নম্বর ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মন্ডল বাদী হয়ে গত জুনে আত্রাই থানায় মামলাটি করেন।

​পরবর্তীতে আত্রাই থানা পুলিশ তদন্ত শেষে গত ৩১ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দেয়। এতে সাংবাদিক ফাহিমের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের কাছে চাঁদা দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তবে প্রতারণার অভিযোগের সত্যতা না পাওয়ায় তা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম, ভবন মেরামতের ১০ লাখ টাকার হিসাব ও সরকারি জমিতে ভবন নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরাকে কেন্দ্র করেই মূলত চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিক ফাহিমের বিরোধ তৈরি হয়।

​সর্বশেষ গত ১ সেপ্টেম্বর ইউপির কিছু জানালা অপসারণকে কেন্দ্র করে স্থানীয়রা চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ছুটিতে থাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং পুলিশি নিরাপত্তায় চেয়ারম্যানকে পরে নিয়ে যাওয়া হয়। ওই সময় সাংবাদিক ফাহিমসহ কয়েকজন সংবাদকর্মী ঘটনাটি ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করেছিলেন। ঘটনার পর চেয়ারম্যান ও ফাহিমের বিরোধ আরও চরম আকার ধারণ করে।

​এদিকে পুরো ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছেন।

​বর্তমানে মামলাটির বিচারিক কার্যক্রম আদালতে চলমান রয়েছে।