চাঁপাইনবাবগঞ্জে ৯২ টি ককটেল ও গান পাউডার সদৃশ পাউডার উদ্ধার

0
চাঁপাইনবাবগঞ্জে ৯২ টি ককটেল ও গান পাউডার সদৃশ পাউডার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ পাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় এসব আলামত পাওয়া যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।