কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ৬, হতাহত আরও বাড়ার আশঙ্কা

0
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন: নিহত বেড়ে ৬, হতাহত আরও বাড়ার আশঙ্কা

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত পাটোয়ারটেক সমুদ্রসৈকত সংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের নির্মম মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ সম্ভব হলেও রিসোর্টের ভেতর থেকে একে একে ছয়জন পর্যটকের লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, শনিবার সকাল ৮টার দিকে উখিয়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা চেষ্টার পর বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। প্রাথমিক উদ্ধার অভিযানে প্রথমে ৫ জনের লাশ উদ্ধারের কথা জানানো হলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ায়।

উদ্ধার হওয়া মৃত ব্যক্তিরা সবাই সেখানে বেড়াতে আসা পর্যটক বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় বা তারা কোথা থেকে এসেছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ধরন ও রিসোর্টের ক্ষয়ক্ষতির পরিমাণের কারণে নিহতের সংখ্যা বা হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। অগ্নিকাণ্ডের পর মেরিন ড্রাইভ ও আশেপাশের এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।