আগারগাঁও শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শন: কক্ষেই ধূমপান ও অপরিচ্ছন্নতা, চিকিৎসক সাময়িক বরখাস্ত

0
আগারগাঁও শিশু হাসপাতালে আকস্মিক পরিদর্শন: কক্ষেই ধূমপান ও অপরিচ্ছন্নতা, চিকিৎসক সাময়িক বরখাস্ত

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনে গিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় এক চিকিৎসকের কক্ষে বসে ধূমপান করার দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে ওই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন।

আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ ও সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ওই চিকিৎসককে ধূমপান করতে দেখেন এবং কক্ষটির পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন দেখতে পান। স্বাস্থ্যসেবা ও শিশুদের চিকিৎসার মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও নোংরা পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ঘটনার পর পরই প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পরপরই অভিযুক্ত চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের সামগ্রিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দেন। এ সময় তিনি হাসপাতালে সবসময় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, সর্বোচ্চ পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সব স্তরের কর্মচারীকে আরও বেশি দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার নির্দেশ দেন।