রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

0
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী পশ্চিমপাড়ায় একটি বাড়িতে হামলা, পাঁচটি বৈদ্যুতিক মিটার ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণের চেইন চুরি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার রাত ১২টার দিকে মোঃ সেকেন্দার মোল্লা (৬০) নামের এক ব্যক্তি বাদী হয়ে চন্দ্রিম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগের বরাত দিয়ে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনী পশ্চিমপাড়ায় একটি অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযোগকারীর বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়ির পাঁচটি বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বাড়ির নিচতলার একটি শয়নকক্ষে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় ওয়ারড্রবের ড্রয়ারে রাখা এক লাখ টাকা এবং এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা, নিয়ে যায় অভিযুক্তরা।

এ ছাড়া বাড়ির ড্রয়িংরুমে থাকা একটি সুজুকি ১১০ সিসি মোটরসাইকেল ফেলে দিয়ে এর তেলের ট্যাংক ও লুকিং গ্লাস ক্ষতিগ্রস্ত করা হয়। এতে আনুমানিক ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।

ওই সময়, পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগকারী দাবি, এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এ হামলার ঘটনা ঘটে।

জানতে চাইলে বৃহস্পতিবার সকালে চন্দ্রীমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, হামলা, ভাংচুরের ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।