‘আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

0
‘আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ভোলা প্রতিনিধিঃ রাজনৈতিক বাস্তবতার আলোকে শেখ হাসিনার নিকট ভবিষ্যতে দেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, “আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।”

বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের নির্বাচনী ব্যবস্থার তীব্র সমালোচনা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আওয়ামী লীগ তাদের শাসনামলে দেশে এমন একটি রাজনৈতিক ও প্রশাসনিক পরিবেশ সৃষ্টি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।”

গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠনে নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, “সমাজে এমন অনেক মানুষ আছেন যাদের পর্যাপ্ত অর্থ-সম্পদ না থাকলেও সর্বস্তরে বিপুল গ্রহণযোগ্যতা ও মেধা রয়েছে। তাঁদের মতো নিরপেক্ষ ব্যক্তিদের জাতীয় ও স্থানীয় রাজনীতিতে নিয়ে আসতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সহজ ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি নির্ধারণ করার আহ্বান জানাচ্ছি, যাতে সাধারণ নাগরিকেরা স্বাচ্ছন্দে ভোটে অংশ নিতে পারেন।”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে স্পিকার বলেন, গত ১৭ বছর ধরে এ দেশের সাধারণ মানুষ তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং কোনো নির্বাচনই নিরপেক্ষ হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভোলার অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ও স্থানীয় দাবির কথা তুলে ধরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভোলায় বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে, যা দেশের মোট মজুতের তুলনায় অত্যন্ত সম্ভাবনাময়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোলার ভূমির গ্যাস দেশের অন্যত্র ব্যবহৃত হলেও এ অঞ্চলের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস সংযোগের দাবি জানিয়ে আসছেন। এটি ভোলাবাসীর সম্পূর্ণ ন্যায্য ও সাংবিধানিক অধিকার।” স্থানীয়দের এই সুদীর্ঘদিনের ভোগান্তি নিরসন ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিনি শিগগিরই সরকারের সংশ্লিষ্ট জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।

ভোলা সফরের সময় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।