ক্রীড়া প্রতিবেদক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এবারও তারা শীর্ষে আছে। তবে চলমান রোমাঞ্চকর সিরিজে তারা শেষ টেস্ট খেলতে নামছে ১-১ সমতা নিয়ে। এই ম্যাচটি তাদের জন্য সিরিজনির্ধারণী ‘ফাইনাল’। কিন্তু কেপটাউনে গুরুত্বপূর্ণ টেস্ট থেকে ছিটকে গেছেন অজি তারকা স্টিভেন স্মিথ।
বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তৃতীয় টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ওই সময়েই স্মিথের অনুপস্থিতির কথা জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স, ‘আজ সকালে স্মিথ আবারও চেষ্টা করেছিলেন, কিন্তু ঘাড়ের অস্বস্তির কারণে সে স্বাচ্ছন্দ্যবোধ করছিল না। তাই আমাদের বিকল্প খুঁজতে হয়েছে।’
প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। চার পরিবর্তন নিয়ে তারা একাদশ সাজিয়েছে। দ্বিতীয় টেস্টে ঘাড়ে আঘাত পেয়ে স্মিথ ইনজুরিতে এবং ব্যু ওয়েবস্টার, নিক ম্যাডিনসন ও স্কট বোল্যান্ডকে বসিয়ে নেওয়া হয়েছে কপার কনলি, ক্যামেরন গ্রিন, নাথান লায়ন এবং জশ ইংলিসকে। অথচ ইনিংস ব্যবধানে হারা দ্বিতীয় টেস্টের একমাত্র ইনিংসে বল করে বোল্যান্ড ৫ উইকেট শিকার করেছিলেন।
গেবেরহা টেস্টে হারের পর অবশ্য দলের বাইরে থাকা লায়নকে কেন নেওয়া হয়নি সেই প্রশ্ন উঠেছিল। তাকে জায়গা করে দিতেই শেষ ম্যাচে বাদ পড়লেন বোল্যান্ড। সেই প্রসঙ্গে টসের সময় কামিন্স জানান, ‘বোল্যান্ডকে দলের বাইরে রাখাটা খুবই কঠিন ছিল। সে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়। গত সপ্তাহে নাথান লায়নকে বাইরে রাখাটাও কঠিন ছিল, তবে এমন সমস্যা থাকাটা আসলে ভালো লক্ষণ। তবে হ্যাঁ, তাকে সত্যিই দুর্ভাগা বলা যায়।’
২০১৯ সালের (দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান) পর এই প্রথম কেপ টাউনে কোন দল টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে। ২০০৯ সাল থেকে এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা চার টেস্টের তিনটিতেই জিতেছে প্রোটিয়ারা। কেবল হেরেছিল ২০১৪ সালের একটি ম্যাচ।

