তাহিরপুর প্রতিবেদক: হাওরের জলরাশিতে মিশে আছে মানুষের স্বপ্ন, জীবিকা আর বেঁচে থাকার গল্প। সেই হাওরের মানুষের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড। সমিতির সভাপতি নির্বাচিত হয়ে হাওরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খসরুল আলম। তাঁকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা—হাওরের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি হাওরনির্ভর মানুষের কল্যাণেও কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি।
গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সমিতির আওতাধীন ২৮টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেন। নির্বাচনে সভাপতি হিসেবে খসরুল আলম, সহ-সভাপতি হিসেবে আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হিসেবে বজলুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে আনোয়ার হোসেন নির্বাচিত হন।
নির্বাচনে সমর্থন ও সহযোগিতা করায় সমিতির প্রতিনিধিসহ হাওরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন খসরুল আলম। মানুষের ভালোবাসা ও আস্থাকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন।সবার বিশ্বাসের মর্যাদা রক্ষা করে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যাশা রয়েছে তাঁকে ঘিরে।
টাঙ্গুয়ার হাওর কেবল বিস্তীর্ণ জলরাশি নয়; এটি দেশের গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আধার এবং হাজারো মানুষের জীবন-জীবিকার অবলম্বন। হাওরের মাছ,পাখি, জলজ উদ্ভিদ ও প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার সঙ্গে স্থানীয় মানুষের ভবিষ্যৎও গভীরভাবে জড়িয়ে আছে। তাই এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং হাওরনির্ভর মানুষের স্বার্থ সুরক্ষায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা,নবনির্বাচিত কমিটি ঐক্য, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে সমিতির কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি হাওরের পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবে।
হাওরের মানুষের ভালোবাসা হোক এগিয়ে চলার প্রেরণা, আর তাঁদের আস্থা হোক দায়িত্ব পালনের অঙ্গীকার—নবনির্বাচিত সভাপতি খসরুল আলম ও তাঁর কমিটির কাছে এমন প্রত্যাশাই স্থানীয়দের।

