বরগুনায় রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: সরকারি ভবন ও স্কুলে তালা, ট্রাকে আগুন ও মহাসড়ক অবরোধ

0
বরগুনায় রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: সরকারি ভবন ও স্কুলে তালা, ট্রাকে আগুন ও মহাসড়ক অবরোধ

বরগুনা প্রতিনিধি: বরগুনায় গভীর রাতের আঁধারে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একযোগে তালা ঝুলিয়ে ব্যাপক নাশকতার ঘটনা ঘটেছে। এই তাণ্ডবের অংশ হিসেবে একটি ট্রাকে অগ্নিসংযোগ, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার চেষ্টা এবং আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করার মারাত্মক অভিযোগ উঠেছে। এ সকল ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় সূত্র।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে জেলার সদর উপজেলাসহ বেতাগী, পাথরঘাটা ও বামনা উপজেলার একাধিক স্থানে পরিকল্পিতভাবে এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে হেলমেট পরা ও লাঠিসোঁটায় সজ্জিত ছাত্রলীগের কর্মীরা বরগুনা জিলা স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়সহ একাধিক ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। রাত আনুমানিক ১টার দিকে বেতাগী উপজেলা পরিষদ ভবন এবং বেতাগী পৌরসভা কার্যালয়েও একইভাবে শিকল ও তালা লাগিয়ে দেওয়া হয়।

একই রাতে বেতাগী উপজেলার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েও একইভাবে তালা মারা হয়। প্রতিটি তালাবদ্ধ প্রতিষ্ঠানের দেওয়ালে আতঙ্ক ছড়াতে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়। এ ছাড়া পাথরঘাটা সরকারি কলেজ এবং বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও রাতে তালা মারার ঘটনা ঘটে।

তালা ঝোলানোর পাশাপাশি বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকটির একাংশ পুড়ে যায়। বেতাগী বাসস্ট্যান্ডে থাকা একটি দূরপাল্লার বাসেও আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়, তবে নৈশপ্রহরী ও স্থানীয়দের সতর্কতায় বাসটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

এদিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের চান্দখালী বাইপাস এলাকায় বিশাল আকৃতির গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ফলে গভীর রাতে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে পথচারী ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বরগুনা জেলা পুলিশ ও সংশ্লিষ্ট থানাগুলোর যৌথ দল রাত থেকেই উদ্ধার অভিযানে নামে। দ্রুত মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং সকালের মধ্যেই সকল সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের তালা কেটে উন্মুক্ত করে দেওয়া হয়।

বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়া মাত্রই পুলিশের একাধিক টিম ক্ষতিগ্রস্ত স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছে। তালা খুলে দিয়ে সব কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে। এসব বিশৃঙ্খলা ও নাশকতার সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করতে আমাদের বিশেষ সাঁড়াশি অভিযান চলছে।”