রামেকে অবরুদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদক: মারধর, ডিম নিক্ষেপ ও গ্রেপ্তার

0
রামেকে অবরুদ্ধ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদক: মারধর, ডিম নিক্ষেপ ও গ্রেপ্তার

মাসুদ রানা রাব্বানীঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে দুই বছরের স্থগিতাদেশ শেষে পুনঃইন্টার্নশিপ শুরু করতে গিয়ে অবরুদ্ধ, চরম লাঞ্ছনা ও মারধরের শিকার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেক শাখা সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করে মারধর ও ডিম নিক্ষেপ করেন। পরবর্তীতে পুলিশ ও ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে ও গ্রেপ্তার দেখায়।

শুভ (৫৯তম ব্যাচ) ও নাহিদ (৬০তম ব্যাচ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আন্দোলনবিরোধী ভূমিকার দায়ে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক দুই বছরের জন্য ইন্টার্নশিপ থেকে বহিষ্কৃত ও স্থাগিত হন। সম্প্রতি স্থগিতাদেশের মেয়াদ পূর্ণ হওয়ায় তারা পুনর্নিয়োগের চেষ্টা করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে প্রশাসনিক ভবনের নিচতলায় পরিচালকের কার্যালয় সংলগ্ন কক্ষে অবস্থান করছিলেন। শুভ ও নাহিদের উপস্থিতির খবর জানাজানি হলে মুহূর্তের মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা কক্ষে ঢুকে দুজনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর শুরু করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত তাদের পরিচালকের কক্ষে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়।

সংবাদ পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ দল এসআরবি এবং ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)-এর বিপুল সদস্য হাসপাতালে পৌঁছান। দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া প্রহরায় তাদের রুম থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করে।

এ সময় ছাত্রলীগের বিরুদ্ধে তোপ দেগে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হাসপাতালের প্রধান ফটকে পুলিশ হেফাজতে থাকা মাইক্রোবাসে তোলার সময় শুভ ও নাহিদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে সাধারণ সম্পাদক নাহিদ মাটিতে পড়ে গেলে তাকে এলাপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। পরে সিআরটি সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে অন্য একটি পুলিশের সাঁজোয়া গাড়িতে তুলে নিয়ে যান।

রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন ঘটনা প্রসঙ্গে বলেন, “স্বৈরাচারী শাসনের সহযোগী ও নিষিদ্ধ ছাত্রলীগের শীর্ষ নেতারা কীভাবে সুরক্ষিত প্রশাসনিক এলাকায় প্রবেশের সাহস পায়, তার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। তাদের পেছনে যারা মদদ দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।”

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, “ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হলেই সরাসরি কাজ শুরুর নিয়ম নেই; নিয়মানুযায়ী নতুন আবেদনের পর অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলেই কেবল যোগদান সম্ভব। কিন্তু শুভ ও নাহিদ নিয়ম না মেনে আবেদনের পূর্বেই পরিচালকের সাথে দেখা করতে আসেন। অপ্রীতিকর পরিস্থিতির পর তাদের পুলিশের সোপর্দ করা হয়েছে।”

আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান জানান, “গ্রেপ্তারকৃত এই দুই সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পূর্বে ঘটে যাওয়া সহিংসতা ও রাজনৈতিক নাশকতার একাধিক অভিযোগ রয়েছে। হাসপাতাল চত্বর থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”