টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা, রক্তাক্ত নৌকার মাঝি

0

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালনার কয়েক ঘণ্টার মধ্যেই এক নৌকার মাঝিকে মারধরের অভিযোগ উঠেছে।অভিযানে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করার পর প্রতিশোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।হামলায় তিনি ও তাঁর স্বজনরা আহত হয়েছেন।এ ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত( ৯ নভেম্বর) সোমবার সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে তাহিরপুর উপজেলার ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের হুকুমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো.সাবাল নূর (৩৭) পেশায় একজন নৌকার মাঝি।

অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন আশরাফুল (৩২),সুলতান মিয়া (৩৫),নুর কালাম (৪২), আতিকুল (২৬), ইসলাম নূর (২৭),মনছুর মিয়া (২০) ও এমদাদুল (২৮)। তাঁদের সবার বাড়ি একই ইউনিয়নের হুকুমপুর গ্রামে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) সঙ্গীয় পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।এ সময় স্থানীয় জেলেদের কাছ থেকে চায়না দুয়ারি,কনা ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভুক্তভোগী সাবাল নূরের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষে কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর অভিযুক্তরা তাঁকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেন। এর কয়েক ঘণ্টা পর বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা চালানো হয়।

অভিযোগে তিনি উল্লেখ করেন,সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে নিজ বাড়ির সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা লোহার রড, কাঠের রুইল ও বাঁশের লাঠি নিয়ে তাঁর পথরোধ করেন।এরপর তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাঁর মাথা, হাত, পা, বুক ও পিঠে আঘাত লাগে।তাঁর চিৎকার শুনে আত্মীয়স্বজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে মো. আরিফ মিয়াসহ আরও কয়েকজন আহত হন। অভিযোগ অনুযায়ী,আরিফ মিয়ার শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়।ভুক্তভোগীর আরও অভিযোগ, হামলাকারীরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভবিষ্যতে সুযোগ পেলে প্রাণনাশের হুমকি দেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে অভিযোগের ২ নম্বর অভিযুক্ত সুলতান মিয়া জানান, “আমি বাড়িতে ছিলাম না জমিতে ছিলাম এসে শুনেছি গালাগালির একপর্যায়ে কিছু কিলাকিলি হয়েছে।আমি বাড়িতে আসার পূর্বেই শেষ হয়ে গেছে।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও জীববৈচিত্র্যের আধার। হাওরের মৎস্যসম্পদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অভিযানের পর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠায় হাওর রক্ষায় সহযোগিতাকারী সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় সচেতন মহলের মতে,অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি অভিযানের পরবর্তী পরিস্থিতিও প্রশাসনের নজরদারিতে রাখা জরুরি। যাতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলার মাধ্যমে হাওর রক্ষার উদ্যোগকে বাধাগ্রস্ত করতে না পারে।

ভুক্তভোগী সাবাল নূর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত,অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এখন এলাকাবাসীর প্রত্যাশা,বিষয়টি যেন শুধু অভিযোগ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিক।টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান যেমন জরুরি,তেমনি এ কাজে সহযোগিতাকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। হাওর রক্ষার উদ্যোগ যেন ভয়ভীতি বা সহিংসতার কারণে বাধাগ্রস্ত না হয়—এটাই এখন এলাকাবাসীর প্রত্যাশা।